LogoHormuzan

এক দিনেই শেষ জিদানের অভিষেক ম্যাচের সব টিকিট

জিদানকে এক নজর দেখতে ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে দেশের মাটিতে তার প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে এক দিনেরও কম সময়ে।

২ আগস্ট, ২০২৬39 views
এক দিনেই শেষ জিদানের অভিষেক ম্যাচের সব টিকিট
Daily Muktimarg

ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানকে নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। ফুটবলার হিসেবে না হলেও কোচ হিসেবে ফ্রান্স ফুটবলে ফিরেছেন তিনি। সেকারণে, জিদানকে এক নজর দেখতে ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে দেশের মাটিতে তার প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে এক দিনেরও কম সময়ে।

২ অক্টোবর উয়েফা নেশনস লিগের ম্যাচে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার ঐতিহাসিক ‘স্তাদ দ্য ফ্রান্স’ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের কোনো টিকিট আর বাকি নেই বলে নিশ্চিত করেছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।

বিশ্বকাপ শেষে দীর্ঘ ১৪ বছর দায়িত্বে থাকা দিদিয়ের দেশম সরে যাওয়ার পর ২০৩০ সাল পর্যন্ত ফ্রান্স দলের নতুন কোচ হয়েছেন জিদান। সবাই আশা করছেন, জিদানের হাত ধরে ফ্রান্স আবারও বিশ্ব ও ইউরোপীয় ফুটবলের ট্রফি জিতবে। 

আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের মাটিতে নেশনস লিগে খেলবে ফ্রান্স। এর তিন দিন পর একই প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে তার দল। ম্যাচটি হবে বেলজিয়ামে।

ঘরের মাঠে জিদানকে প্রথমবার জাতীয় দলের কোচের ভূমিকায় দেখা যাবে ২ অক্টোবর প্যারিসে। এরপর ৫ অক্টোবর প্যারিসেই বেলজিয়ামের বিপক্ষে ফিরতি ম্যাচ। জিদানের এই নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে উপচে পড়া গ্যালারির সামনেই।