LogoHormuzan

বাংলাদেশের ফিল্ডিং কোচের বিদায়

দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আসলেও মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিলেন বাংলাদেশের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। ২০২৫ সালের এপ্রিলে দায়িত্ব নেওয়া এই নিউজিল্যান্ড কোচের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি ছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

১৬ সেপ্টেম্বর, ২০২৬9 views
বাংলাদেশের ফিল্ডিং কোচের বিদায়
Daily Muktimarg

দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আসলেও মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিলেন বাংলাদেশের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। ২০২৫ সালের এপ্রিলে দায়িত্ব নেওয়া এই নিউজিল্যান্ড কোচের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি ছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

অবশ্য ৫৬ বছর বয়সী প্যামেন্টের বিদায়ের গল্পটা হঠাৎ শুরু হয়নি। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ থেকেই জাতীয় দলের সঙ্গে নিয়মিত ছিলেন না তিনি। পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া সফরেও দলের সঙ্গে ছিলেন না। তার অনুপস্থিতিতে ফিল্ডিং কোচের দায়িত্ব সামলেছেন দেশি কোচ আশিকুর রহমান মজুমদার।

২০২৫ সালের এপ্রিলে প্যামেন্টকে নিয়োগ দেওয়ার সময় বিসিবি তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এনেছিল। চুক্তির মেয়াদ রাখা হয়েছিল ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। আন্তর্জাতিক ক্রিকেটে ফিল্ডিং বিশেষজ্ঞ হিসেবে অভিজ্ঞতার পাশাপাশি আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতাও ছিল তার।

ইংল্যান্ডে জন্ম নেওয়া প্যামেন্ট পরে নিউজিল্যান্ডে স্থায়ী হন। সেখানে অকল্যান্ডের হয়ে খেলেন প্রথম শ্রেণির ক্রিকেট। কোচ হিসেবে বাংলাদেশের দায়িত্বে তার সময়টা শেষ পর্যন্ত প্রত্যাশামতো দীর্ঘ হলো না। এক বছরের মধ্যে একাধিকবার চোটে পড়ার পর জাতীয় দলের সঙ্গে তার নিয়মিত কাজ করা কঠিন হয়ে পড়ে। এরপর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পাকিস্তান সিরিজ ও অস্ট্রেলিয়া সফরে অনুপস্থিত থাকার পর এবার আনুষ্ঠানিকভাবেই শেষ হলো তার অধ্যায়।

প্যামেন্টের জায়গায় অবশ্য শূন্যতা তৈরি হতে দেননি বিসিবি। তার অনুপস্থিতিতে জাতীয় দলের ফিল্ডিং বিভাগের দায়িত্ব সামলেছেন আশিকুর রহমান মজুমদার। এখন প্যামেন্টের বিদায়ের পর তিনিই নিয়মিত দায়িত্বে থাকবেন কি না, নাকি নতুন কোনো বিদেশি বিশেষজ্ঞের সন্ধানে যাবে বিসিবি-সেটিই হতে পারে পরবর্তী প্রশ্ন!