LogoHormuzan

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে হামেস রদ্রিগেজ

১৬ সেপ্টেম্বর, ২০২৬12 views
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে হামেস রদ্রিগেজ
Daily Muktimarg

এক টুকরো রোদের ঝিলিকের মতো ফুটবল বিশ্বকে ভাসিয়েছিলেন এক মায়াবী জাদুতে। ২০১৪-র সেই বাঁ পায়ের জাদুকরি ভলি, সেই নিষ্পাপ হাসি, আর কলম্বিয়ার হলুদ জার্সিতে রূপকথার গল্প। কলম্বিয়ার ইতিহাসের সেরা ফুটবলার ও ২০১৪ বিশ্বকাপের নায়ক হামেস রদ্রিগেজ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জাতীয় দলকে বিদায় জানান রদ্রিগেজ। তিনি বলেন, বহু বছর, অসংখ্য ম্যাচ, আনন্দ ও কঠিন সময় পেরিয়ে কলম্বিয়ার জাতীয় দলের সঙ্গে তার যাত্রা শেষ করার সময় এসেছে।

কলম্বিয়ার হয়ে তিনটি বিশ্বকাপে খেলেছেন রদ্রিগেজ-২০১৪, ২০১৮ ও ২০২৬। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় ছিল ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ। সেই আসরে দুর্দান্ত পারফরম্যান্সে কলম্বিয়াকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন তিনি। মাত্র পাঁচ ম্যাচে ছয় গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। জায়গা করে নিয়েছিলেন টুর্নামেন্টের সেরা একাদশেও।

বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে শেষ ষোলোয় হামেসের করা চোখধাঁধানো ভলি গোলটি ফিফা পুসকাস অ্যাওয়ার্ডও জেতে। কলম্বিয়ার হয়ে ১৩১ ম্যাচ খেলেছেন রদ্রিগেজ, যা জাতীয় দলের হয়ে সর্বোচ্চ। তার নামের পাশে রয়েছে ৩১ গোল ও ৪৩টি অ্যাসিস্ট। অ্যাসিস্টের সংখ্যায় তিনি কলম্বিয়ার ইতিহাসে সবার ওপরে।

বিদায়ী বার্তায় নিজের দেশ, সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রদ্রিগেজ। কলম্বিয়ার জার্সিতে তার ১৫ বছরের অধ্যায় শেষ হলেও ২০১৪ বিশ্বকাপে তার সেই অবিশ্বাস্য পারফরম্যান্স দেশটির ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।