নিউ ইয়র্কের ফ্লাশিং মেডোজে টেনিসের দুর্দান্ত প্রদর্শনী আর বরফশীতল স্নায়ুর লড়াইয়ে ইউএস ওপেনের নতুন রানী এলেনা রিবাকিনা। হার না মানা মানসিকতা আর বুলেট গতির সার্ভে প্রতিপক্ষকে চূর্ণ করে প্রথমবারের মতো ইউএস ওপেনের ট্রফি উঁচিয়ে ধরলেন এই কাজাখ তারকা।
নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়াম গ্র্যান্ড স্লাম টেনিসের সবচাইতে জমকালো আর উন্মাদনায় ভরা মঞ্চ। আর এই মঞ্চেই রচিত হলো নতুন এক মহাকাব্য। আরিনা সাবালেঙ্কার টানা তৃতীয় ইউএস ওপেন জয়ের স্বপ্ন চুরমার করে বিশ্বের এক নম্বর রাজসিংহাসন ও মৌসুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম ট্রফি দুটোই নিজের করে নিলেন কাজাখস্তানের এই টেনিস কন্যা।
পুরো টুর্নামেন্ট জুড়েই র্যাকেটের ঝড়ে প্রতিপক্ষদের দিশেহারা করে রেখেছিলেন রিবাকিনা। ফাইনালের মহারণেও তার ব্যতিক্রম হয়নি। রুদ্ধশ্বাস ফাইনালে বেলারুশিয়ান তারকা সাবালেঙ্কাকে ৬-৪, ৫-৭, ৬-২ সেটে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি হলেন রিবাকিনা।
এটি রিবাকিনার ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা। এর আগে ২০২২ সালে উইম্বলডন এবং চলতি বছরে সাবালেঙ্কাকে হারিয়েই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন তিনি।
মহিলাদের টেনিসে টানা তিন বার ইউএস ওপেন জয়ের নজির রয়েছে ক্রিস এভার্ট এবং সেরিনা উইলিয়ামসের। তাঁদের তালিকায় তৃতীয় নাম হিসেবে ঢোকার সুযোগ ছিল সাবালেঙ্কার সামনে। কিন্তু ফাইনালে হারায় সেই নজির ছোঁয়া হল না তাঁর। শুধু খেতাবই নয়, টানা ৯৯ সপ্তাহ ধরে রাখা বিশ্বের এক নম্বর স্থানও হারালেন বেলারুশের তারকা।
গ্র্যান্ড সলামের এই মুকুট শুধু একটি ট্রফি নয়, রিবাকিনার কঠিন পরিশ্রম ও একাগ্রতার প্রতীক। টেনিস বিশ্বের নতুন এই রানীকে শুধু ট্রফি বা জয় দিয়ে পুরোপুরি চেনা যায় না। কোর্টে তার নীরবতা ও শান্ত ভাব নিয়ে ক্রীড়াবিশ্বে কৌতূহল সব সময়ই বেশি।

