নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহকে ঘিরে ভক্তদের আবেগ, উন্মাদনা ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত নতুন সিনেমা ‘লাভ ৯৬’। তরুণ নির্মাতা ইভান মল্লিক পরিচালিত সিনেমাটি ৪ সেপ্টেম্বর প্রেক্ষারগৃহে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুবার্ষিকীর দুই দিন আগে সিনেমাটি দর্শকদের সামনে আনার পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে গত ১০ মে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে বিনা কাটছাঁটে ছাড়পত্র পেয়েছে ‘লাভ ৯৬’।
নির্মাতা ইভান মল্লিক বলেন, সিনেমাটি যেহেতু বিনা কাটছাঁটে ছাড়পত্র পেয়েছে এবং প্রশংসিত হয়েছে, তাই এতে বিতর্কিত কিছু নেই। বরং সালমান শাহর ভক্তদের আবেগ, উন্মাদনা এবং নব্বইয়ের দশকের সেই সময়কে ফিরে দেখার চেষ্টা করা হয়েছে।
১৯৯৬ সালে সালমান শাহর আকস্মিক মৃত্যুর পর দেশজুড়ে নেমে এসেছিল শোকের ছায়া। সেই সময়ের প্রেক্ষাপটে এক অন্ধ ভক্তের জীবন ও আবেগের গল্পকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘লাভ ৯৬’।
রাইসা ফিল্মসের ব্যানারে মো. জসিম উদ্দিন প্রযোজিত সিনেমাটির মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার। এছড়াও অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকার।

