পপসংগীতের কিংবদন্তি তারকা মাইকেল জ্যাকসনের জন্মদিন আজ। ১৯৫৮ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় জন্মগ্রহণ করেন বিশ্বসংগীতে প্রভাব বিস্তারকারী এই শিল্পী।
মাত্র পাঁচ বছর বয়সে ভাইদের সঙ্গে ‘দ্য জ্যাকসন ৫’ ব্যান্ড দিয়ে সংগীতজীবন শুরু হয় মাইকেলের। পরবর্তী সময়ে একক শিল্পী হিসেবে গড়ে তোলেন বর্ণাঢ্য ক্যারিয়ার। ‘অফ দ্য ওয়াল’, ‘থ্রিলার’, ‘ব্যাড’, ‘ডেঞ্জারাস’ ও ‘হিস্টরি’র মতো অ্যালবাম তাকে বিশ্বসংগীতের অন্যতম সফল শিল্পীতে পরিণত করে।
১৯৮২ সালে প্রকাশিত ‘থ্রিলার’ অ্যালবামটি তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক। ‘বিলি জিন’, ‘বিট ইট’ ও ‘থ্রিলার’-এর মতো গান এবং তার নিজস্ব নাচের ভঙ্গি তাকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা এনে দেয়। বিশেষ করে ‘মুনওয়াক’ নাচের মাধ্যমে তিনি সংগীতের পাশাপাশি নৃত্যেও অনন্য পরিচিতি তৈরি করেন।
২০০৯ সালের ২৫ জুন ৫০ বছর বয়সে মৃত্যুবরণ করেন মাইকেল জ্যাকসন। তবে তার সংগীত, নৃত্য ও শিল্পীসত্তা আজও বিশ্বজুড়ে কোটি ভক্তের কাছে সমানভাবে জনপ্রিয়।

