LogoHormuzan

বার্সেলোনায় যাচ্ছেন না আলভারেজ

আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের টানাপোড়েনের শেষটা যেন পরিষ্কার হয়ে গেল। অ্যাটলেটিকো মাদ্রিদ জানিয়ে দিয়েছে, বার্সেলোনার সঙ্গে আলভারেজকে নিয়ে কোনো আলোচনা হয়নি, ভবিষ্যতেও হবে না।

২৮ আগস্ট, ২০২৬5 views
বার্সেলোনায় যাচ্ছেন না আলভারেজ
Daily Muktimarg

আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের টানাপোড়েনের শেষটা যেন পরিষ্কার হয়ে গেল। অ্যাটলেটিকো মাদ্রিদ জানিয়ে দিয়েছে, বার্সেলোনার সঙ্গে আলভারেজকে নিয়ে কোনো আলোচনা হয়নি, ভবিষ্যতেও হবে না।

বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা অবশ্য একেবারেই অন্য কথা বলছেন। গতকালও তিনি বলেছেন, আলভারেজকে দলে নেওয়ার প্রস্তাব এখনো বহাল আছে। কিন্তু অ্যাটলেটিকোর পরিচালনা পর্ষদ ক্লাবটির আগের অবস্থানকেই সমর্থন করেছে। পর্ষদের সবাই মিলে ক্লাবের ব্যবস্থাপনার প্রতি ‘পূর্ণ সমর্থন’ জানিয়েছে।

অ্যাটলেটিকোর অভিযোগ, আলভারেজকে দলে নেওয়ার চেষ্টায় বার্সেলোনা ‘নৈতিক ও পেশাদার’ আচরণ করেনি।

এক বিবৃতিতে অ্যাটলেটিকো বলেছে, তারা দলবদলের বাজারে আলোচনার জন্য দরজা খোলা রাখে। তবে সেটা হতে হবে ‘নৈতিক ও পেশাদার উপায়ে’ এবং দুই ক্লাবের পারস্পরিক সম্মান বজায় রেখে। তাদের মতে, বার্সেলোনা সেই শর্ত পূরণ করেনি।

পর্ষদের এই অবস্থানকে অ্যাটলেটিকোর মালিকানার গুরুত্বপূর্ণ অংশ অ্যাপোলো ফান্ডেরও সমর্থন হিসেবে দেখা হচ্ছে। অর্থাৎ, আলভারেজকে নিয়ে ক্লাবের অবস্থান এখন বেশ শক্ত।

তবে এর অর্থ এই নয় যে আলভারেজ অ্যাটলেটিকো ছেড়ে যেতে পারবেন না। ক্লাবটি অন্য কোনো দলের প্রস্তাব বিবেচনা করতে প্রস্তুত। এই মুহূর্তে সেই সামর্থ্য আছে মূলত মিকেল আরতেতার আর্সেনালের। দলবদলের শেষ দিকে আলভারেজকে কেনার মতো আর্থিক শক্তি ও সুযোগ—দুটিই তাদের আছে।

সমস্যা হলো, আলভারেজ নিজে আবার ইংল্যান্ডে ফিরতে খুব একটা আগ্রহী নন। ব্যক্তিগত কিছু কারণে ইংল্যান্ডে ফেরার বিষয়টি তার কাছে পরিষ্কার নয়। তাঁর ইচ্ছা, বার্সেলোনায় যাওয়া।

অ্যাটলেটিকো অবশ্য মনে করছে, পরিস্থিতি কঠিন হলেও আলভারেজকে আবার নিজেদের পরিকল্পনায় ফেরানো সম্ভব। তারা বলেছে, আলভারেজ সিদ্ধান্তটি বুঝবেন এবং দলের লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন—যেভাবে গত দুই মৌসুমে অ্যাটলেটিকোর জার্সিতে করেছেন।

এর মধ্যে আলভারেজ টানা দুই দিন সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি। কারণ হিসেবে বলা হয়েছে, তিনি অসুস্থ বোধ করছেন। আগামী শনিবার সেভিয়ার মাঠ রামোন সানচেজ-পিসহুয়ানে ম্যাচ অ্যাটলেটিকোর।

আলভারেজের স্বপ্ন এখনো বার্সেলোনা। লাপোর্তাও বলছেন, প্রস্তাব বহাল আছে। কিন্তু এই মুহূর্তে সেই স্বপ্ন পূরণের সম্ভাবনা নেই বললেই চলে।