LogoHormuzan

শিল্প কোনো পাপ নয়: প্রভা

১ সেপ্টেম্বর, ২০২৬4 views
শিল্প কোনো পাপ নয়: প্রভা
Daily Muktimarg

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা শোবিজ অঙ্গনে মূল্যবোধের অবক্ষয় এবং শিল্পীদের পরিচয়ের প্রতি অসম্মানজনক মনোভাব নিয়ে সোচ্চার হয়েছেন। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে শিল্পী, শিল্পচর্চা ও সংস্কৃতির মর্যাদা নিয়ে দীর্ঘ বক্তব্য দিয়েছেন তিনি।

প্রভার মতে, শিল্পী পরিচয় কখনোই লজ্জার হতে পারে না। বরং একজন মানুষের যে পরিচয় তাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ এবং মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। এ বিষয়ে তিনি লেখেন, কোনো পরিচয় যদি একদিন কাউকে সম্মান ও ভালোবাসা এনে দেয়, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করা উচিত।

সংস্কৃতি অঙ্গনে কাজ করতে আসা ব্যক্তিদের শিক্ষা ও সাংস্কৃতিক মূল্যবোধের ওপরও গুরুত্ব দিয়েছেন এই অভিনেত্রী। তার মতে, শুধু পরিচিতি বা জনপ্রিয়তার আকাঙ্ক্ষা নিয়ে সংস্কৃতিচর্চায় আসা উচিত নয়। এর সঙ্গে থাকতে হবে শিক্ষা, মূল্যবোধ ও সংস্কৃতিবোধ।

প্রভা বলেন, তিনি চান না অশিক্ষা, অজ্ঞতা এবং সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক। যারা এই অঙ্গনে আসবেন, তাদের নিজেদের পরিচয়ের প্রতিও সম্মান থাকা প্রয়োজন।

শিল্পের গুরুত্ব তুলে ধরে অভিনেত্রী আরও বলেন, “শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়, শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।”

তার এই বক্তব্যের মাধ্যমে শিল্পী পরিচয়কে ছোট করে দেখার প্রবণতা এবং সংস্কৃতি অঙ্গনে মূল্যবোধের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ পেয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মের সংস্কৃতিকর্মীদের শিক্ষা, সচেতনতা ও নিজেদের পরিচয়ের প্রতি সম্মান রেখে শিল্পচর্চায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রভা।