LogoHormuzan

৬ দফা না মানলে এক দফার আন্দোলন: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, সরকার ৬ দফা দাবি মেনে না নিলে তাদের পদত্যাগের দাবিতে এক দফার আন্দোলন শুরু করা হবে।

৫ সেপ্টেম্বর, ২০২৬4 views
৬ দফা না মানলে এক দফার আন্দোলন: নাসীরুদ্দীন পাটওয়ারী
Daily Muktimarg

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, সরকার ৬ দফা দাবি মেনে না নিলে তাদের পদত্যাগের দাবিতে এক দফার আন্দোলন শুরু করা হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ৬ দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘‘আমরা আল্লাহর ওপর ভরসা করে, জমিনে বুকের তাজা রক্ত দিয়ে এই ৬ দফা দাবি আদায়ের জন্য মাঠে নেমেছি। বাংলার প্রতিটি আনাচে-কানাচে ১১ দলীয় ঐক্যের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন সংগ্রাম শুরু হয়েছে।’’

তিনি বলেন, সরকারকে ৬ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। দাবি মেনে না নিলে তা এক দফায় রূপ নেবে। আর সেই এক দফা হবে সরকারের পদত্যাগ।

লংমার্চে অংশ নেওয়া নিয়ে নানা প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন, অনেকে জানতে চান, এত টাকা তেল খরচ করে কেন লংমার্চে যাওয়া হচ্ছে। তিনি দাবি করেন, ‘সরকারের গদি নড়ে গেছে।’ একই সঙ্গে আন্দোলনে সবাইকে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘‘আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে চাই।’’

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ এবং খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ আরও অনেকে।