কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা সেন্টার প্রতিষ্ঠায় বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) ‘চীন-বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলনে’ এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশের পক্ষে স্মারকে সই করেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং চীনের পক্ষে সই করেন জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির অধ্যাপক ঝেং পেংউ। চীনের জিয়াংসি প্রাদেশিক সরকার এবং জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটি এ সম্মেলনের আয়োজন করে।
এ সময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন উপস্থিত ছিলেন।
দুই দেশের এই উদ্যোগ শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থীদের ব্যবহারিক প্রশিক্ষণ, শিল্পক্ষেত্রের অভিজ্ঞতা, পাঠ্যক্রম উন্নয়ন, গবেষণা সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, চীনা ভাষা ও কারিগরি শিক্ষা, শিল্প-শিক্ষা সংযোগ এবং কর্মসংস্থান মুখী দক্ষতা উন্নয়নে নতুন সুযোগ সৃষ্টি করবে।
এ সম্মেলনে বাংলাদেশ থেকে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, জিয়াংসি প্রাদেশিক শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়, বৃত্তিমূলক প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি দল অংশ নেন। সম্মেলনে জিয়াংসু প্রদেশের ১৯টি বিশ্ববিদ্যালয় ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান অংশ নেয়।

