LogoHormuzan

সাংবাদিকরা গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ: তথ্যমন্ত্রী

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে, সাংবাদিকরা গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

১৬ সেপ্টেম্বর, ২০২৬12 views
সাংবাদিকরা গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ: তথ্যমন্ত্রী
Daily Muktimarg

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে, সাংবাদিকরা গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অপরাধবিষয়ক সাংবাদিকতায় সাংবাদিকদের ঝুঁকি ও চ্যালেঞ্জের কথা তুলে ধরে মন্ত্রী বলেন,‘ক্রাইম রিপোর্টিংয়ের সাংবাদিকরা অত্যন্ত ঝুঁকির মধ্যে কাজ করেন। এ কারণে অনেক সময় তাদের চড়া মূল্য দিতে হয়। বাংলাদেশে সাংবাদিকতা পেশায় নিয়োজিতদের পর্যাপ্ত সুরক্ষা দিতে এখনো যথাযথ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমি সম্প্রতি এই দায়িত্ব গ্রহণ করেছি। কতখানি পালন করতে পারব জানি না, তবে একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই আমাদের কাজ করতে হবে।’

সাংবাদিকদের উদ্দেশে আন্দালিভ রহমান বলেন, ‘যেকোনো প্রয়োজনে আপনারা আমাকে পাশে পাবেন, সরাসরি এসে কথা বলতে পারবেন। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের মানুষ বলে আপনাদের সমস্যাগুলো আমি সহজেই উপলব্ধি করি।’

সাংবাদিকদের যেকোনো যুক্তিসঙ্গত প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘যখনই প্রয়োজন মনে করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। সবাই মিলে সমস্যার সমাধান করব। সরকার আপনাদের পাশে আছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। সংগঠনের সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজসহ ক্র্যাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের অপরাধবিষয়ক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।