LogoHormuzan

বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক সূচি অনুযায়ী, প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

৩ সেপ্টেম্বর, ২০২৬5 views
বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা
Daily Muktimarg

২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক সূচি অনুযায়ী, প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী টঙ্গীর ইজতেমা ময়দানে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজন করা হবে। প্রথম পর্ব হবে ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি।

বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে সাদপন্থি মুরব্বিদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে জুবায়েরপন্থিদের সঙ্গেও আলোচনা করেছে সরকার। দুই পক্ষই ইজতেমা আয়োজন নিয়ে নিজেদের প্রস্তাব দিয়েছে। সবার মতামত পর্যালোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

সাদপন্থিদের প্রস্তাব সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, জানুয়ারিতে জুবায়েরপন্থিদের দুই পর্বের ইজতেমা শেষ হওয়ার পর একটি যৌক্তিক সময়ের ব্যবধান রেখে রমজানের আগে এক পর্বে ইজতেমা আয়োজন করতে চায় সাদপন্থিরা।

এ ছাড়া চলতি বছরের নভেম্বরের শেষ দিকে ইজতেমা আয়োজনের আরেকটি প্রস্তাবও রয়েছে তাদের।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুবায়েরপন্থিদের পক্ষ থেকে সাদপন্থিদের অন্য কোথাও ইজতেমা করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সাদপন্থিরা এতে একমত নন।

মাওলানা সাদের বাংলাদেশে আসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে তার দেশে আসার বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের নীতিমালা এবং ভিসা ক্লিয়ারেন্সের ওপর নির্ভর করছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সালাহউদ্দিন আহমদ দাবি করেন, আগের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে এবং ২০২৫ সালের তুলনায় অপরাধের চিত্রও অনেক ভালো।

দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা হবে বলেও আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিশ্ব ইজতেমাকে ঘিরে মুসল্লিদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা, যাতায়াত এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নেবে বলে জানান তিনি।

টঙ্গীর তুরাগ নদের তীরে প্রতিবছর বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। সাধারণত তাবলিগ জামাতের দুই পক্ষের ব্যবস্থাপনায় ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে থাকে।