LogoHormuzan

সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এই অধিবেশনে ৯টি বৈঠকে ছয়টি বিল পাস হয়েছে।

১০ সেপ্টেম্বর, ২০২৬4 views
সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত
Daily Muktimarg

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এই অধিবেশনে ৯টি বৈঠকে ছয়টি বিল পাস হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অধিবেশন সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণা পাঠের মাধ্যমে তৃতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তৃতীয় অধিবেশন শুরু হয় গত ২৭ আগস্ট। ৯ কার্যদিবস অধিবেশন চলার পর আজ ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হলো। এই অধিবেশনে মোট ৬টি বিল উপস্থাপিত হয়ে ৬টি বিলই পাস হয়েছে।

আইন প্রণয়ন-সংক্রান্ত কার্যক্রমের পাশাপাশি এ অধিবেশনে ৩টি বিশেষ কমিটিসহ ৪৮টির অধিক সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় সদস্যগণ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে নোটিশ প্রদান করেছেন। ৬৮ বিধিতে ৭টি নোটিশ পাওয়া যায়, যার মধ্যে ২টি নোটিশ গৃহীত ও আলোচিত হয়েছে। ৭১ বিধিতে ১৫টি নোটিশ গৃহীত হয় এবং এর মধ্যে ১৪টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

৭১ক বিধিতে দুই মিনিটের বক্তব্য প্রদানের জন্য ১২৪টি নোটিশ পাওয়া যায়। 

এছাড়া, ১৪৭ বিধিতে ২টি নোটিশ পাওয়া যায়, যার মধ্যে ১টি নোটিশের ওপর আলোচনা হয়েছে এবং ৩০২ বিধিতে ১টি নোটিশ উত্থাপিত হয়েছে।

অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সংসদ সদস্যগণ সর্বমোট ১৪৪টি প্রশ্নের নোটিশ দেন। এর মধ্যে প্রধানমন্ত্রী ১৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট ২ হাজার ৬৭৬টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়।

এর মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রিগণ এ অধিবেশনে মোট ১ হাজার ৬৭৮টি প্রশ্নের উত্তর দেন।