সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ ছাড়া ৬৩ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতি নিয়ে প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৮৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৯ জন। এ হিসাবে চলতি বছরে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৯৮৩ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ১৮৪ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৪৪৭ জনের।
এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪০ হাজার ৪৭২ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন।

