সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৮৪ জন খুলনা বিভাগের। এরপর ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৪১ জন এবং চট্টগ্রাম বিভাগে ২০২ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া বরিশাল বিভাগে ১৭৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫১ জন, রাজশাহী বিভাগে ১২২ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮১ জন, রংপুর বিভাগে ৫৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৮ হাজার ৪৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হওয়ায় চলতি বছরে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৪ হাজার ৮৫৭ জন।

