ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম নগরের ২৬ নম্বর ওয়ার্ডের পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
বুধবার (১৫ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও স্থানীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান।
এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। কোনো দুর্গত মানুষ যাতে প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা চলবে।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নগরবাসীর পাশে শুরু থেকেই সিটি করপোরেশন কাজ করছে। পানি দ্রুত নিষ্কাশন, আশ্রয়কেন্দ্র পরিচালনা, রান্না করা খাবার সরবরাহ এবং ত্রাণ বিতরণসহ জরুরি সেবা অব্যাহত রয়েছে। নগরবাসীর দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, সরকার ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের ফলে দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। তিনি সবাইকে সতর্ক থাকার এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং পুনর্বাসনসহ প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
